মূল : ম্যালকম এক্স
অনুবাদ : মোহাম্মদ সাইফুল্লাহ
(এই বক্তব্যটি বিংশ শতাব্দীর আমেরিকার সেরা ১০০ বক্তব্যের মধ্যে সপ্তম স্থান অর্জন করে। আমি তালিকার টপ ৬টি বক্তব্যও শুনেছি, কিন্তু আমার কাছে এটাকেই প্রথম মনে হয়েছে। --অনুবাদক)
মি. মডারেটর,
প্রিয় ভাই-বোন ও বন্ধুরা। আমি কিছু শত্রুও দেখতে পাচ্ছি। বস্তুত আমি মনে করি, এরূপ বিশাল সমাবেশে কিছু শত্রু উপস্থিত আছে এটা
যদি আমরা উপলব্ধি করতে না পারি তবে আমরা নিজেদের নিজেরা বোকা বানাচ্ছি।
এই বিকেলে আমরা ব্যালট
অথবা বুলেট নিয়ে কথা বলতে চাই। ব্যালট অথবা বুলেট নিজেই এর অর্থ প্রকাশ করছে। কিন্তু
আমরা আলোচনা শুরুর পূর্বে যেহেতু এটা ব্যালট অথবা বুলেটের বছর (নির্বাচনের বছর),
তাই আমি আমার ব্যক্তিগত কিছু বিষয় স্পষ্ট করতে চাই।
আমি এখনও একজন মুসলিম। আমার ধর্ম ইসলাম। এখনও আমার ধর্ম ইসলাম। আমি যা জানি কিংবা আমি যা তার
জন্য মি. মুহাম্মদ (এলিজা মোহাম্মদ)-এর প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনিই আমার চোখ খুলে
দিয়েছেন। বর্তমানে আমি নব প্রতিষ্ঠিত মুসলিম মসজিদের মিনিস্টার, এটা নিউ-ইয়র্ক সিটির প্রাণকেন্দ্রে
অবস্থিত। আর যখন আমরা উপলব্ধি করি, এডাম ক্লেইটন পাওয়েল
একজন খ্রিস্টান মিনিস্টার, তিনি আবিসিনিয়ান ব্যাপটিস্ট
চার্চের প্রধান, কিন্তু একই সময়ে তিনি
তার রাজনৈতিক সংগ্রামের জন্য অধিক বিখ্যাত। ডা. কিং আর্টলান্টাও জর্জিয়ার একজন খ্রিষ্টান
মিনিস্টার, কিন্তু তিনি অধিক
বিখ্যাত হয়েছেন তার নাগরিক অধিকার সংগ্রামের জন্য। নিউ-ইয়র্ক সিটির আরেকজন শ্রদ্ধেয়
গালামিশন; তিনি ব্রুকলিনের একজন
খ্রিস্টান মিনিস্টার, কিন্তু তিনি ব্রুকলিনের
স্কুলগুলোতে বিচ্ছিন্নতার বিরুদ্ধে সংগ্রাম করার জন্য অধিক বিখ্যাত। তারা সবাই খ্রিস্টান
মিনিস্টার। কিন্তু তারা আমাদের নিকট খ্রিস্টান মিনিস্টার হিসেবে আসেননি, তারা আমাদের সামনে উপস্থিত হয়েছেন বিভিন্ন শ্রেণির
সংগ্রামী নেতৃবৃন্দ হিসেবে। তারা যেরূপ খ্রিস্টান মিনিস্টার, আমিও তেমন একজন মুসলিম মিনিস্টার। আর আমি কেবল একটি
ফ্রন্টে সংগ্রামে বিশ্বাস করি না, আমি সকল ফ্রন্টে সংগ্রামে
বিশ্বাস করি। বস্তুত, আমি একজন কালো (নিগ্রো) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা।
ইসলাম আমার ধর্ম। কিন্তু আমি বিশ্বাস করি, আমার ধর্ম আমার ব্যক্তিগত
বিষয়। এটা আমার ব্যক্তি জীবন, ব্যক্তিক নৈতিকতাকে
পরিচালনা করে। আর আমার ধর্মীয় দর্শন হল, ধর্ম আমি ও আমি যে স্রষ্টাকে বিশ্বাস করি সে প্রভুর মধ্যে ব্যাপ্ত; ঠিক অন্যান্যদের ধর্মীয় দর্শন যেমন তাদের ও তাদের
প্রভুর মাঝে ব্যাপ্ত। আর এটাই উৎকৃষ্ট পন্থা। আমরা যদি এখানে ধর্মীয় বিষয়াবলি আলোচনায়
নিয়ে আসতাম, তবে শুরু থেকে আমাদের
মধ্যে অনেক মতভিন্নতা দেখা দিত। আর আমরা কোনোভাবে ঐক্যবদ্ধ হতে পারতাম না। সুতরাং যদিও ইসলাম
আমার ধর্মীয় দর্শন, কিন্তু আমার রাজনৈতিক,
অর্থনৈতিক ও সামাজিক দর্শন
হলো কালো জাতীয়তাবাদ। আপনি এবং আমি যদি এখানে ধর্মকে টেনে আনি তবে মতভিন্নতা দেখা দিবে,
আমরা বিতর্কে জড়িয়ে যাব;
আর আমরা কখনো ঐক্যবদ্ধ হতে
পারব না। কিন্তু যদি আমরা আমাদের ধর্মকে হৃদয়ে ও পরিবারে ব্যাপ্ত রাখি, এটাকে আমার ও আমার প্রভুর মাঝে সীমাবদ্ধ রাখি এবং
যখন আমরা এখানে আসব, তখন আমাদের সকলকে
একটা কমন শত্রুর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, যে আমাদের সবার শত্রু।
কালো জাতীয়তাবাদের
রাজনৈতিক দর্শনের একমাত্র অর্থ হল-- কালো মানুষরাই তাদের কমিউনিটিতে রাজনীতি ও রাজনীতিবিদদের নিয়ন্ত্রণ
করবে। একটা সময় সাদারা আমাদের কমিউনিটিতে আসত এবং তাদেরকে ভোট প্রদানের জন্য আমাদের রাজি
করতো যাতে তারা আমাদের রাজনৈতিক নেতা হতে পারে এবং আমাদের বলতে পারে কী করতে হবে, কী করা যাবে না। এটা এখন অতীত, সুদূর অতীত। ঠিক একইভাবে, যখন সাদা লোকেরা দেখতে পেল আপনাদের চোখ খুলে গেছে,
তখন তারা আমাদের সমর্থন আদায়ের
জন্য অন্য একজন নিগ্রোকে আমাদের কমিউনিটিতে প্রেরণ করতো। যাতে তারা তার মাধ্যমে আমাদের
প্রতারিত করতে পারে, ব্যবহার করতে পারে।
এসব দিনও এখন অতীত হয়ে গেছে। কালো জাতীয়তাবাদের রাজনৈতিক দর্শনের একমাত্র অর্থ হলো,
যদি আপনি ও আমি ব্ল্যাক কমিউনিটিতে
বাস করি, তবে আমাদের এখানেই স্থায়ীভাবে
বাস করতে হবে। যখনই আপনি ব্লাক কমিউনিটি
ছেড়ে তাদের কমিউনিটিতে বাস করতে যাবেন; এটা কিছু সময়ের জন্য স্থায়ী হবে, কিন্তু আপনাকে পুনরায় আপনার নিজ কমিউনিটিতেই ফিরে আসতে হবে।
আমাদেরকে অবশ্যই আমাদের
কমিউনিটির রাজনীতি বুঝতে হবে এবং আমাদের অবশ্যই জানতে হবে এর মাধ্যমে আমরা কী অর্জন
করতে পারব। আমাদের অবশ্যই জানতে হবে, আমাদের জীবনে রাজনীতির
কোন্ অংশ নিবিড় ভূমিকা
রাখে। যতক্ষণ না আমরা রাজনৈতিকভাবে পরিপক্ব হচ্ছি, ততক্ষণ সর্বদা আমরা পথভ্রষ্ট ও প্রতারিত হতে থাকব। রাজনৈতিকভাবে এমন কাউকে সমর্থন করতে থাকব, যার হৃদয়ে আমাদের কমিউনিটির জন্য কোনো ভালো উদ্দেশ্যে নেই। সুতরাং কালো জাতীয়তাবাদের
রাজনৈতিক দর্শনের একমাত্র অর্থ হল-- আমাদের উচিত আমাদের
কমিউনিটির অর্থনীতিকে নিজেরা পরিচালনা ও নিয়ন্ত্রণ করা।
আপনি কখনোই হোয়াইট কমিউনিটিতে কালোদের দ্বারা পরিচালিত একটি দোকান খুঁজে পাবেন না,
আপনি সেখানে একটি দোকানও খুলতে
পারবেন না এবং সাদা লোকেরা আপনাকে সমর্থনও করবে না। আর সে ভুল নয়। তার নিজের ভালোর
জন্য যথেষ্ট বোধ তার রয়েছে, বরং আপনিই একজন যার
নিজের ভালোর জন্য যথেষ্ট বোধের অভাব রয়েছে।
সাদা লোকেরা যথেষ্ট
চালাক! তারা অন্য কাউকে তাদের কমিউনিটিতে প্রবেশ করতে দিলেও কমিউনিটির
অর্থনৈতিক নিয়ন্ত্রণ তাদের হাতেই রাখে। কিন্তু আপনারা তাদের প্রবেশ করতে দেন আর তারা আপনার কমিউনিটির
অর্থনীতি নিয়ন্ত্রণ করে, আবাসন নিয়ন্ত্রণ করে,
শিক্ষা নিয়ন্ত্রণ করে, চাকরি নিয়ন্ত্রণ করে, ব্যবসা নিয়ন্ত্রণ করে। আপনারা তাদের প্ররোচনায় কাণ্ডজ্ঞানহীন হয়ে পড়েছেন। কালো জাতীয়তাবাদের রাজনৈতিক
ও অর্থনৈতিক দর্শনের একমাত্র অর্থ হলো-- আপনি যে কমিউনিটিতে
বসবাস করছেন তার বাইরে ডলার খরচের অপকারিতা শিক্ষা দেয়ার জন্য আমাদের একটি পুনঃশিক্ষা (re-education) প্রোগ্রাম চালু করতে হবে। আপনি যে কমিউনিটিতে খরচ
করেছেন তারা ধনী থেকে আরো ধনী হচ্ছে; আর আপনি যে কমিউনিটি থেকে অর্থ নিয়ে যাচ্ছেন তারা গরীব থেকে আরো গরীব হচ্ছে। এর জন্য দায়ী এসব কক্ষচ্যুত
ও পথভ্রান্ত নিগ্রোরা, যারা তাদের কম্যুউনিটি
থেকে টাকা নিয়ে যেতে যেতে তাদের গাঁড় ভেঙে ফেলেছে এবং তা সাদা লোকদরে নিকট খরচ করছে। ফলে তারা আরো ধনী হচ্ছে আর আপনি
গরীব থেকে গরীব হচ্ছেন। এর ফলে কী ঘটছে?
আপনি যে কমিউনিটিতে বসবাস
করছেন তা একটা বস্তিতে পরিণত হচ্ছে। এটি একটি গেটো তথা সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাসের ক্ষুদ্র
জায়গা ও কুটিরে পরিণত হচ্ছে। পরিস্থিতির আরো অবনতি হচ্ছে আর আপনি একটি অবনমিত কমিউনিটিতে
নিম্নমানের আবাসনের অভিযোগ
করতে দুঃসাহস দেখাচ্ছেন। কমিউনিটি থেকে ডলার নিয়ে গিয়ে কেন
আপনি এটাকে নিজে ধ্বংস করেছেন?
আপনি ও আমি দ্বিবিধ ফাঁদে পতিত হয়েছি। কারণ আমরা কেবল
আমাদের অর্থ অন্যত্র খরচ করেই ক্ষতিগ্রস্ত হচ্ছি না; আমরা যখন আমাদের কমিউনিটিতে ডলার খরচ করার চেষ্টা
করি তখনও আমরা ফাঁদে পড়ি, কারণ আমাদের নিজ কমিউনিটিতে দোকান তৈরি ও ব্যবসা
নিয়ন্ত্রণ করার মতো পর্যাপ্ত বোধ আমাদের নেই। দোকানপাট যে ব্যক্তি নিয়ন্ত্রণ করছে,
সে আমাদের মতো কালো মানুষ
নয়। এমনকি সে এমন ব্যক্তি, যে এখানে বসবাসও
করে না। সুতরাং আমরা যখন আমাদের কমিউনিটিতে অর্থ খরচের চেষ্টা করি তখন আমরা এমন ব্যক্তির
কাছে খরচ করতে হয়, যে সূর্যাস্তের পর
অর্থ ভর্তি ঝুড়ি নিয়ে শহরের অন্যত্র পালিয়ে যায়।
সুতরাং আমরা ফাঁদে
পড়েছি। দ্বিবিধ ফাঁদে, তৃবিধ ফাঁদে। আমরা
যেখানে গমন করি না কেন, আমরা দেখতে পাই আমরা
ফাঁদে পড়েছি, আর যখন কেউ একটা সমাধান
খুঁজে বের করে তখন সে দেখতে পায় সেখানে রয়েছে অন্য আরেকটি ফাঁদ। কিন্তু কালো জাতীয়তাবাদের
অর্থনৈতিক দর্শন আমাদের জনগণের সামনে ছোট ছোট দোকান প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরছে এবং
সেগুলোকে বৃহৎ কর্পোরেশন রূপ দেওয়ার গুরুত্ব বর্ণনা করছে।
উলঅর্থ সুপারমার্কেট
আজ যেমন বিশাল, শুরু করার সময় এটা
তেমন ছিল না। তারা ডাইমস্টোন নামে একটি রেস্টুরেন্ট দিয়ে শুরু করেছিল, অতঃপর বড়ো হতে হতে আজ এটা এই পর্যায়ের এসে পৌঁছেছে। এখন তারা
সমগ্র দেশ, সমগ্র বিশ্বে ছড়িয়ে
পড়েছে। আর প্রায় সকলের অর্থ তাদের কাছে চলে যাচ্ছে। আর আমি আপনি কী করছি? জেনারেল মোটর একইভাবে গড়ে উঠেছে তারা বর্তমানের
মত বিশাল পরিসরে শুরু করেনি। এটা এক অন্তহীন সদূর অভিযাত্রার নাম।
তারা স্বল্প পরিসরে
শুরু করেছিল, অতঃপর বিস্তৃত হতে
হতে আজ এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সুতরাং আমাদেরকেও শুরু করতে হবে। আর শুরু করার সর্বোত্তম
জায়গা হলো আমরা যেখানে বসবাস করি সেখানে। সুতরাং এতে করে কেবল আমাদের লোকজন কালোদের
ব্যবসায় সাহায্য করার গুরুত্বই উপলব্ধি করবে না, বরং কালো মানুষরা নিজেই ব্যবসায় সম্পৃক্ত হওয়ার
গুরুত্ব উপলব্ধি করবে। এককথায় যখন আপনি-আমি ব্যবসায় সম্পৃক্ত হবে, তখন আমরা অন্তত আমাদের কমিউনিটির ব্যবসা নিয়ন্ত্রণ
ও পরিচালনা করতে পারবো। আমাদেরকে এমন একটি পরিস্থিতি
সৃষ্টি করতে হবে যাতে আমাদের কমিউনিটিতে আমরা কালো মানুষদের জন্য সত্যিকারের কর্মসংস্থানের
ব্যবস্থা করতে সক্ষম হই। আর যখন আপনি একবার আপনার কমিউনিটিতে কিছু কর্মসংস্থান সৃষ্টি
করতে পারবেন, তখন অন্যের নিকট নির্লজ্জভাবে
ও অমর্যাদাকরভাবে বারবার চাকরি ভিক্ষা চাওয়ার প্রয়োজনীয়তা দূর করবে। যখন আপনাকে আপনার শত্রুর কাছে একটি চাকরির জন্য
নির্ভর করতে হচ্ছে, তখন আপনি খুবই বাজে
অবস্থায় রয়েছেন। আপনারা এ দেশে অবস্থান করতেন না, যদি না শত্রুরা আপনাদের এখানে অপহরণ করে নিয়ে না
আসতো। অন্যদিকে আপনাদের কেউ কেউ মনে করে, তারা May flower জাহাজে করে তীর্থযাত্রার জন্য এখানে এসেছে।
সুতরাং প্রিয় ভাই
ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন, আজ এই বিকালে ধর্মীয় আলোচনা করার কোনো ইচ্ছা আমার নেই। এখানে আমরা ধর্মকে ভুলে যাবো।
যদি আমরা এখানে ধর্মকে টেনে আনি তবে আমরা বিতর্কে পতিত হব। আর বিতর্ক ও ভিন্নতা থেকে
দূরে থাকার সর্বোৎকৃষ্ট উপায় হল আপনার ধর্মকে ঘরে ও হৃদয়ে রাখুন। এটাকে আপনার ও আপনার
প্রভুর মধ্যে সজীব, প্রাণবন্ত ও সীমাবদ্ধ
রাখুন।
আপনি একজন খ্রিস্টান
হোন, কিংবা মুসলিম হোন,
অথবা একজন জাতীয়বাদী হোন না কেন আমাদের সমস্যা তো একই। তারা আপনাকে
এ কারণে ফাঁসিতে ঝুলায় না যে আপনি একজন ব্যাপটিস্ট খ্রিস্টান। তারা এই কারণে আপনাকে
ফাঁসিতে ঝুলায়, কারণ আপনি কালো। তারা
এই কারণে আমাকে আক্রমণ করে না যে আমি একজন মুসলিম, বরং তারা এ কারণে আমাকে আক্রমণ করে যে, আমি কালো। তারা আমাদের সবাইকে একই কারণে আক্রমণ
করে; আমরা সবাই একই শত্রু থেকে
আক্রমণের শিকার হই। আমরা সবাই একই থলেতে, একই নৌকায়। আমরা রাজনৈতিক নিপীড়ন, অর্থনৈতিক শোষণ, সামাজিক অবমাননাকর
শিকার হচ্ছি- সবই একই শত্রুর নিকট থেকে। সরকার আমাদের ব্যর্থ করছে। আপনি এটা অস্বীকার
করতে পারবেন না। বিংশ শতাব্দীর ১৯৬৪’র যেকোনো জায়গায় বাস করে আপনি
‘আমরা করবো জয়’ সঙ্গীত গাইতে পারেন,
কিন্তু সরকারে আমাদের ব্যর্থ
করে দিয়েছে। (‘আমরা করবো জয়’
এটা একটা গসপেল সং,
পরবর্তীতে এটা নাগরিক অধিকার
আন্দোলনের প্রধান সঙ্গীতে পরিণত হয়।) আপনাদের এটাই হলো সমস্যা। আপনারা বেশি গান করেন। আজ সময় এসেছে গান গাওয়া বন্ধ করার
এবং বুনন শুরু করার। আপনি স্বাধীনতার ওপর গাইতে পারেন না, কিন্তু আপনি কিছু স্বাধীনতার জন্য কাজ
করতে পারেন। কেসিয়াস (মোহাম্মদ আলী) গান গাইতে পারতেন, কিন্তু গান গাওয়া তাকে হেভিয়েট চ্যাম্পিয়ন হতে সাহায্য
করেনি, বরং পরিশ্রম তাকে হেভিয়েট চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছে।
এই সরকারে আমাদের
ব্যর্থ করে দিয়েছে; সরকার নিজেই আমাদের
ব্যর্থ করেছে। আর যেসব সাদা লিবারাল আমাদের বন্ধু সাজে তারা আমাদের ব্যর্থ করে দিয়েছে।
আর আমরা দেখতে পাচ্ছি আমরা যে উৎসের দিকেই মুখ ফিরাই না কেন, আমরা সেখানে ব্যর্থ হচ্ছি। আমরা আমাদের দিকে মুখ
ফিরাতে হবে। আমাদের নিজেকে নিজে সহায়তা করার একটি কর্মসূচি (Self-help) গ্রহণ করা প্রয়োজন। আমাদের একটি ‘নিজে করো দর্শন’ (do it yourself Philosophy) প্রয়োজন, একটি (do
it right now Philosophy) ‘এখনি করো দর্শন’ প্রয়োজন, ‘ইতোমধ্যে অনেক দেরি হয়ে গেছে দর্শন’-এর প্রয়োজন (its already too late Philosophy)। আপনার-আমার ঠিক এই কাজগুলো করা দরকার।
আমাদের সমস্যা সমূহের সমাধানের কেবল একটি পথই খোলা রয়েছে, তা হলো নিজেকে সহায়তা করার
(Self-help
Program) কর্মসূচির মাধ্যমে। আমরা ‘নিজেকে সহায়তা করার কর্মসূচি’ প্রণয়নের আগে আমাদের ‘নিজেকে সহায়তার দর্শন’ থাকা প্রয়োজন।
কালো জাতীয়তাবাদ হলো, একটি আত্ম-সহায়তার ফিলোসফি। এর সবচে ভালো দিক কী?
আপনি আপনার চার্চেই থাকতে
পারবেন, যেখানে ছিলেন এবং
একই সাথে দর্শন হিসেবে আপনি কালো জাতীয়বাদকে গ্রহণ করতে পারবেন।
আপনি যেকোনো নাগরিক সংগঠনের সাথে সংযুক্ত থাকতে পারেন এবং সেইসাথে
কালো জাতীয়তাবাদকে আপনার দর্শন হিসেবে গ্রহণ করতে ধারণ করতে পারেন। এটা এমন একটা দর্শন,
যা বিভক্তি ও বিতর্কের প্রয়োজনীয়তাকে
দূর করে দেয়। কারণ আপনি যদি কালো হন তবে আপনার কালোই চিন্তা করা উচিত। আর যদি আপনি
কালো হন, কিন্তু আপনি কালো
চিন্তা করছেন না এই বিকালেও, তবে আমি আপনার জন্য
দুঃখিত।
যখনই আপনি আপনার ফিলোসফি পরিবর্তন করেছেন, তখন আপনি আপনার থট প্যাটার্ন (চিন্তা প্রক্রিয়া)
পরিবর্তন করেছেন। যখন আপনি আপনার থট প্যাটার্ন পরিবর্তন করছেন, তখন আপনি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করছেন। যখন
আপনি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করছেন, এটা আপনার আচরণকে পরিবর্তনকে করবে এবং তারপর আপনি কিছু তৎপরতার জন্য অগ্রসর হবেন।
যতক্ষণ পযন্ত আপনি
‘বসে থাকার ফিলোসফি’ নিয়ে থাকবেন,
তখন আপনার থট প্যাটার্ন হবে
বসে থাকার। যখন পর্যন্ত আপনি পুরোনো ‘বসে থাকার চিন্তা’ লালন করবেন, তখন আপনি ‘বসে থাকা’র কিছু কাজ করবেন। এসব আপনাকে সব জায়গায় বসিয়ে রাখবে।
এসব আপনাকে টেনে নিচে ফেলে দিচ্ছে।
কারও বসে থাকার চিত্র কল্পনা করুন। একজন বৃদ্ধ মহিলা
বসে থাকতে পারে। একজন বৃদ্ধ পুরুষ বসে থাকতে পারে। একজন মাথামোটা বসে থাকতে পারে। একজন
ভীত বসে থাকতে পারে। যেকোনো কিছু বসে থাকতে পারে।
ভালো, আমি-আপনি দীর্ঘদিন বসে আছি, এখন সময় এসেছে দাঁড়িয়ে কিছু করার, এখন সময় এসেছে পুরোনো ক্ষতি পুষিয়ে নেয়ার সংগ্রাম ঝাঁপিয়ে পড়ার।
আমরা যখন পৃথিবীর
অন্যান্য অংশের দিকে তাকাই, আমরা দেখতে পাই কালো,
বাদামী, লাল ও হলুদ বর্ণের মানুষদের। আফ্রিকা ও এশিয়ায় মানুষেরা
স্বাধীনতা অর্জন করেছে। তারা এই স্বাধীনতা “আমরা করবো জয়” গান গেয়ে অর্জন করেনি। না, তারা এটা জাতীয়তাবাদের মাধ্যমে অর্জন করেছে।
এটা হলো জাতীয়তাবাদ,
যা এশিয়ার মানুষদের নিকট স্বাধীনতা
এনেছে। এশিয়ার প্রত্যেকটি দেশ জাতীয়তাবাদের দর্শনের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছে। আর
এই কালো জাতীয়তাবাদ ২২ মিলিয়ন আফ্রো-আমেরিকানের স্বাধীনতা বয়ে নিয়ে আসবে, যেখানে আমরা ৪০০ বছরের উপনিবেশবাদের যাতাকলে পিষ্ট।
আমেরিকা অতীত ইংল্যান্ডের মতোই একটি ঔপনিবেশিক শক্তি। আমেরিকা ফ্রান্স যেমন ঔপনিবেশিক
শক্তি ছিল ঠিক তার মতোই। এমনকি আমেরিকা তাদের চেয়েও
বেশি জঘন্য ঔপনিবেশিক শক্তি,
কারণ তার মুখোশের অন্তরালে একটা মুনাফেকি ঔপনিবেশিক শক্তি রয়েছে।
আপনি কিসের দ্বিতীয়
শ্রেণির নাগরিকত্বের কথা বলছেন? কেন, এটাই ঔপনিবেশিকতা। দ্বিতীয় শ্রেণির নাগরিকত্ব
‘বিংশ শতাব্দীর দাসত্ব’ ব্যতীত কিছুই নয়। আপনি আমাকে কীভাবে বলতে পারেন
যে, তুমি দ্বিতীয় শ্রেণির নাগরিক।
দ্বিতীয় শ্রেণির নাগরিকত্ব বলতে কোনো কিছু নেই। তাদের
কেবল দু’ধরনের মানুষ রয়েছে;
একটি হল দাস অন্যটি স্বাধীন
মানুষ। এটা একটা মুনাফিক দেশ। তারা আপনাকে এটা বুঝানোর চেষ্টা করছে যে, তারা আপনাকে দ্বিতীয় শ্রেণির নাগরিক অবহিত করার
মাধ্যমে আপনাকে স্বাধীন করছে। না, আপনি বিংশ শতাব্দীর
দাস ছাড়া আর কিছুই না। এশিয়া ও আফ্রিকা থেকে জাতীয়তাবাদ
যেভাবে ঔপনিবেশিকতা দূর করেছে,
ঠিক তেমনি কালো জাতীয়তাবাদ
২২ মিলিয়ন এই দেশের আফ্রো-আমেরিকানের
পেছন থেকে এমন উপনিবেশবাদ দূর করবে। আর ১৯৬৪ হলো ব্যালেট অথবা বুলেটের বছর।....
[ম্যালকম এক্স এখানে যে প্রেক্ষাপটে বক্তব্যটি দিয়েছেন সেখানে
‘জাতীয়তাবাদ’ পরিভাষাটি একটি বিশেষ অর্থ বহন করে। তাই জাতীয়তাবাদের
গড়পড়তা অর্থ নেয়া এখানে সঠিক হবে না। সে বিষয়ে মূল বইয়ে ব্যাখ্যা আসবে। এটি বক্তব্যের প্রথম অংশ। পূর্ণ বক্তব্যটি
সংযোজিত হবে প্রচ্ছদ প্রকাশন প্রকাশিতব্য #দি ব্যালেট অর দি বুলেট বইয়ে]

0 comments:
Post a Comment