Wednesday, October 2, 2019

October 02, 2019


ড. তারিক রমাদানের রিভিউ
অনুবাদ : রোকন উদ্দিন খান
ফ্রম এমটিভি টু মক্কা বইটি ক্রিস্টিন বেকার নামের এক নারীর জীবনের গল্প, যিনি এমটিভিতে উপস্থাপক হিসেবে কাজ করার সময় ইসলামের মুখোমুখি হন। মিউজিক ও পপ ভিডিওর জগতে খ্রিষ্টীয় বা ইসলাম ধর্মের, কিংবা এমনকি কোনো রকম নৈতিকতার পর্যন্ত বালাই থাকে না। শুধু তাই নয়, এ ধরনের মিডিয়া মানুষকে জীবনের অর্থ ও লক্ষ্য সম্পর্কে পুরোপুরি ভুলিয়ে রাখে। এমটিভিও তার ব্যতিক্রম ছিল না।
ক্রিস্টিন বেকার এমটিভিতে কাজ করার সময় পৃথিবীর বহু জায়গায় ভ্রমণ করেন। এ সময় তিনি এমন কিছু মানুষের সংস্পর্শে আসেন যারা এক আল্লাহতে বিশ্বাসী ছিলেন। তাদের সাথে কথা বলতে গিয়ে এবং চলাফেরা করতে গিয়ে তিনি ধীরে ধীরে বিশ্বাসের জগতে প্রবেশ করতে থাকেন। এক আল্লাহর দিকে ক্রিস্টিনা বেকারের একটু একটু করে এগিয়ে যাওয়ার বিচিত্র ও রোমাঞ্চকর গল্প স্থান পেয়েছে এ গ্রন্থে।
ক্রিস্টিন বেকার আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করতে গিয়ে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের মুখোমুখি হয়েছেন। প্রথমত, যখন তিনি বিনোদনের জগৎ থেকে তার মনোযোগ সরিয়ে জীবনের প্রকৃত অর্থ কী হতে পারে তা নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করলেন। তখন তিনি এমন এক ভালোবাসার সন্ধান পেলেন, যা ছিল মানবীয় ভালোবাসার উর্ধ্বে- আল্লাহর ভালোবাসা। দ্বিতীয়ত, জীবনের মানে খুঁজতে গিয়ে তিনি প্রতিনিয়ত নিজেকে নানা রকম প্রশ্ন করতেন এবং এক সময় এমন কিছু উত্তর খুঁজে পেলেন যা তাঁকে একটি পরিপূর্ণ ও অর্থবোধক জীবনের দিকে আকৃষ্ট করতে শুরু করলো। তৃতীয়ত, জীবন সম্পর্কে গড়ে ওঠা নতুন দৃষ্টিভঙ্গি ক্রিস্টিন বেকারের ভেতরটাকে পুরোপুরি বদলে দিলো। তিনি আল্লাহর দিকে একটু একটু করে অগ্রসর হতে থাকলেন এবং এক সময় নতুন জীবন, নতুন লক্ষ্য ও নতুন দায়িত্বের এক ভিন্ন জগতে নিজেকে আবিষ্কার করলেন।
এই ঘটনাগুলো ঘটছিল ধীরে ধীরে, পর্যায়ক্রমে। একজন পরিণত মানুষের হৃদয়-মন, জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি হঠাৎ করে বদলে যায় না। ক্রিস্টিন বেকারের ক্ষেত্রেও এই পরিবর্তন হয়েছে ধীরে ধীরে, একটু একটু করে।
ক্রিস্টিনের গল্পটা বরং অনেকটা হজ্ব যাত্রার মতো। হজ্বের সময় যেমন দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মুসলিমরা তাদের কেন্দ্রে ফিরে আসেন, তেমনি ক্রিস্টিনও তাঁর কেন্দ্রে ফিরে এসেছেন। তিনি অনুভব করতে শুরু করলেন যে আল্লাহর ভালোবাসা আমাদের জীবনের জন্য আলোকবর্তিকার মতো। এ আলোর বিচ্ছুরণ আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের সাথে মাখামাখি করে জড়িয়ে আছে। এভাবে ক্রিস্টিনের জীবনে একটা নতুন অধ্যায়ের সূচনা হলো। তিনি জীবন-রহস্যের উৎসমূলে ফিরে এলেন। পুরোনো লক্ষ্যহীন জীবনকে পেছনে ফেলে নতুন এক আলো ঝলমলে জগতে তিনি এসে উপস্থিত হলেন বুঝে-শুনে, তাঁর সমস্ত অনুভব দিয়ে। জীবন সম্পর্কে তাঁর নতুন এই বোঝাপড়া ক্রমেই তাঁকে আল্লাহর নৈকট্য অর্জনের পথে যাত্রা করিয়ে দিল।
ইসলামের দিকে যাত্রা করতে গিয়ে ক্রিস্টিন বেকার দুটো নতুন জিনিসের মুখোমুখি হলেন। এর একটি হলো, মুয়ামিলাত (আল্লাহর আদেশ, নিষেধ ও সুপারিশকৃত কাজ)। অন্যটি হলো ইবাদাত (নামাজ, রোজা ইত্যাদি)।
বাইরে থেকে সাধারনভাবে দেখলে যে কারো মনে হতে পারে ইসলামের এই বিধি-নিষেধগুলো ব্যক্তির স্বাধীনতাকে ক্ষুণ্ন করে। কিন্তু ক্রিস্টিন উপলব্ধি করেছেন, এই সীমারেখা ও নিয়ম-কানুনগুলো ব্যক্তির কাছে অন্য রকমের এক স্বাধীনতা এনে দেয়। এ স্বাধীনতা জীবনকে উপভোগ করার স্বাধীনতা থেকে সম্পূর্ণ আলাদা। এ স্বাধীনতা স্বাধীন হওয়ার স্বাধীনতা। জীবনের বিভিন্ন অংশ, যেমন বৈবাহিক সম্পর্ক, বন্ধুত্ব, ভাই-বোনের সম্পর্ক কিংবা চাকুরি বা কর্মক্ষেত্রে প্রতিটি মানুষের রয়েছে নিজস্ব সম্মানবোধ বা আত্মমর্যাদাবোধ। ক্রিস্টিন বেকার দেখিয়েছেন-- এই আত্মমর্যাদাবোধই তাঁকে নিজের সম্পর্কে নতুন বোঝাপড়া গড়ে তুলতে শক্তি যুগিয়েছে। এবং এই অনুভূতি পরবর্তীতে তাঁকে আল্লাহর নৈকট্য ও ভালোবাসা অর্জনের পথে পরিচালিত করেছে। তিনি অনুধাবন করেছেন, মানব সভ্যতার বিকাশের মূলে যে ভালোবাসার অস্তিত্ব রয়েছে সেটি আসলে আল্লাহর ভালোবাসা থেকেই উৎসারিত।
ক্রিস্টিন বেকারের স্মৃতিকথা মজার ও চিত্তাকর্ষক। সাধারণত ইসলাম ও মুসলিম নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও নির্যাতনের বিরক্তিকর সব গল্প শুনতে পাওয়া যায়। কিন্তু এ গ্রন্থে লেখিকা দেখিয়েছেন ইসলাম গ্রহণ কীভাবে তাঁকে স্বাধীনতার নতুন ধারণা দিয়েছে। নিজেকে খোলামেলাভাবে প্রদর্শন করে বেড়ানো থেকে মুক্ত হওয়ার মানেই হলো সত্যিকারের স্বাধীনতা লাভ করা-- যা অর্জন করা যায় একমাত্র বিশ্বাসের মাধ্যমে। বিশ্বাস মানে, চিত্ত বিনোদন বা ভালোবাসা বর্জন করা নয়। বরং বিশ্বাস হলো, সৃষ্টির প্রতি ভালোবাসা। যে ব্যক্তি মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শন করলো সে আল্লাহর প্রতি ভালোবাসা প্রদর্শন করলো। স্বাধীনতার এই অর্থকে অনুধাবন করা গেলে যে কেউ বুঝতে পারবে যে, যা ইচ্ছা তা-ই করতে পারার নাম সত্যিকার স্বাধীনতা নয়। বরং স্বাধীনতা হলো নিজেকে জিজ্ঞেশ করা যে, আপনি কী চান, এবং আসলেই আপনি তা চান কিনা, যা আপনি চান সে সম্পর্কে আপনি কতটা ধারনা রাখেন এবং এরপরও যদি আপনি দৃঢ়ভাবে কোনো জিনিস চান, তাহলে সেটি পাওয়ার মাধ্যমে আপনি আসলে কী অর্জন করতে চান? অর্থাৎ স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, বরং দায়িত্বশীলতা।
ক্রিস্টিন বেকার এ গ্রন্থে বলেছেন, কীভাবে ইসলাম তার ব্যক্তি জীবনকে বদলে দিয়েছে, বিশেষ করে একজন নারীর জীবনকে। ইসলামপূর্ব জীবনে তিনি নিজেকে স্বাধীন নারী মনে করতেন। কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি বুঝতে পারলেন, তিনি আসলে স্বাধীন ছিলেন না। ইসলাম গ্রহণের পর তিনি সত্যিকারের স্বাধীনতা ও আধ্যাত্মিকার সন্ধান পান। এটি ইসলামের গভীরতম একটি বার্তা যা লেখিকা তাৎপর্যপূর্ণভাবে ফুটিয়ে তুলেছেন তার গ্রন্থে।
এমটিভি থেকে মক্কা পাঠকদের জন্য একটি জ্ঞানসমৃদ্ধ বই। বইটিতে ইসলাম সম্পর্কে একজন পশ্চিমার দৃষ্টিভঙ্গি পাওয়া যায়। এ বইতে তুলে ধরা হয়েছে পশ্চিমা সমাজের জন্য ইসলাম একটি চমৎকার সমাধান হতে পারে। জন্মগত মুসলিম বা ধর্মান্তরিত মুসলিম উভয়ের জন্য ইসলাম একটি সুন্দর ব্যবস্থার নাম, কোনো সমস্যার নাম নয়। ইসলাম মানেই স্বাধীনতা, বৈষম্য নয়। ইসলাম হলো অংশগ্রহণমূলক ব্যবস্থা, বিচ্ছিন্নতাবাদ নয়। ইসলাম দেয়ার জন্য এসেছে, নেয়ার জন্য নয়। ইসলামের অর্থই হলো দায়িত্ববোধ ও অধিকার সচেতনতা। ইসলামের সমগ্রটা জুড়ে এই ধারনাগুলোই জোরালোভাবে অবস্থান করছে। এবং এভাবে চিন্তা করলেই কেবল ইসলামের প্রাণসত্বাকে অনুভব করা সম্ভব হবে। এ বইয়ে একজন ধর্মান্তরিত পশ্চিমা নারী সাংবাদিক ক্রিস্টিন বেকার পশ্চিমা সমাজের জন্য ইসলামের গুঢ় নির্যাসটি বের করে আনতে সক্ষম হয়েছেন। এই গ্রন্থ পশ্চিমের সাথে ইসলামের শুধু সেতুবন্ধনই রচনা করেনি, বরং সমঝোতা ও সমন্বয়ের নতুন দিগন্ত উন্মোচন করেছে।

0 comments:

Post a Comment